অস্থায়ী ক্যাম্পাসে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু

১৩ অক্টোবর, ২০১৯ ১৫:৫১  
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ভবন নির্মাণের কাজ শেষ না হওয়ায় এখন ভাড়া বাড়িতেই চলছে প্রথম ব্যাচের পাঠদান। ইন্টারনেট অব থিংস এবং আইটি ইন এডুকেশন এই দুই বিষয়ে এখানে ক্লাস করছেন ১শ জন শিক্ষার্থী। স্মার্টবোর্ডের মাধ্যমে ই-লার্নিং ও ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়াশনা করতে পারছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এলএমএস পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে।  চালু করা হয়েছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক)। সব শিক্ষার্থীর জন্য রয়েছে একেকটি ই-মেইল। যেটি ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক কাজ সহজেই সেরে নিতে পারেন। এছাড়াও এখানকার সিলেবাস ও হাজিরাসহ সবকিছুই চলছে ডিজিটাল পদ্ধতিতে। প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে একটি করে ভার্চুয়াল মেশিন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাউড সার্ভারে ২০০ জিবি হোস্টিং সুবিধা। ভিশন টোয়েন্টি-টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তৈরিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর। তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, চলতি বছর ইন্টারনেট অব থিংস এবং আইটি ইন এডুকেশন এই দুই বিষয়ে ৮ হাজার ৫০৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। অনলাইন বাছাই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ক্রমানুসারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ১শ জন শিক্ষার্থী। প্রসঙ্গত, একুশ শতকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে জোর দিতে ২০১৬ সালের ২৬ জুলাই বাংলাদেশ সরকার জাতীয় সংসদে গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় ৫০ একর জায়গাজুড়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন প্রণয়ণ করে। ‘বিডিইউ’ এর পুরোদমে কার্যক্রম শুরু হয় ১২ জুন ২০১৮ সাল থেকে। চলতি বছর অক্টোবর থেকে শুরু হয় শিক্ষা কার্যক্রম।